আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম..
বিসমিল্লাহির রহমানির রহীম । মানব জাতির মুক্তির জন্য অগণিত নবী ও রাসূল (সঃ) কে আল্লাহ তায়ালা এ দুনিয়ায় প্রেরন করেছেন। যাদের ধারা আমাদের প্রিয় রসূল (সঃ) এর আগমনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। নবী ও রসূলদের (সঃ) এ মহা গুরু দায়িত্ব অর্পিত হয়েছে বর্তমান সমাজের আলোকবর্তিকা স্বরুপ ওলামায়ে কেরামদের উপর। মানব জাতিকে পরিপূর্ণ সভ্য ও সুসংগঠিত জাতি হিসাবে গড়ে তোলার জন্য দ্বীনি শিক্ষার বিকল্প চিন্তাও করা যায়না। দ্বীনি শিক্ষা ব্যতিত মানুষ শিক্ষিত হয় বটে কিন্তু সুশিক্ষিত হওয়ার আশা করা যায়না। আর এ মহা সত্যকে উপলব্ধি করে যুগে যুগে জাতির আলোকবর্তিকা স্বরূপ আলেমগণ মানবজাতির মুক্তি ও মহাকল্যাণের নিমিত্তে দ্বীনি শিক্ষাকে মানুষের দ্বার প্রান্তে পৌছে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামের স্বনামধন্য আলেমেদ্বীন হযরত মাওলানা মোঃ মোহসেন উদ্দিন (রঃ) এর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ধানীসাফা ছালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি তিনি ১৯৩১ সালে প্রতিষ্ঠা করেন। দ্বীনি শিক্ষার যে মশাল তিনি প্রজ্জ্বলিত করেছিলেন তা আজ হাজারো আলেম, হাজারো শিক্ষক ও অগণিত শুভার্থীদের অবিরাম পরিশ্রমে পত্রপল্লবস্নানে এবং পুষ্পে সুশোভিত হয়ে মহীরূহের রূপ ধারন করেছে। অবকাঠামোগত দিক দিয়েও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে।
বর্তমান সরকারের ভিশন ২০৪১’ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সে জন্য সরকারের নির্দেশ মোতাবেক আমরা তৈরি করেছি আমাদের নিজস্ব ওয়েবঠিকানা www.dsfmadrasah.edu.bd ।
যুগের চাহিদা অনুসারে দ্বীনি ও আধুনিক জাতি গঠনে এ প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ এবং যুগোপযোগী করার জন্য মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, গভর্নিংবডির সদস্য এবং ছাত্র – ছাত্রীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সে প্রচেষ্টা ফলবতী হোক; দক্ষিণ বাংলার এ বিদ্যাপীঠ অগণিত মানুষের শুভেচ্ছাসিঞ্চনে – এ প্রার্থনা আমাদের।
মাওলানা মোঃ রফিকুল ইসলাম
অধ্যক্ষ
ধানীসাফা ছালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা